নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. নাজমুল (২৮) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বাওশি গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে নাজমুলকে গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































