জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি দীপা নাগ তন্দ্রাসহ সদস্যরা অংশ নেন।
মোমবাতি প্রজ্বলন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই বাংলাদেশের ইতিহাসে গণমানুষের সাহস, আত্মত্যাগ ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার এক উজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ শুধু স্মরণ করলেই হবে না, বরং তাদের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার দায়িত্ব সবার।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পর এর চেতনাকে ম্লান করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, জুলাই গণঅভ্যুত্থান জনগণের আত্মত্যাগ, সংগ্রাম ও গণআকাঙ্ক্ষার প্রতীক।
তারা বলেন, কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মুক্তচিন্তা, পাঠচর্চা, সংস্কৃতিচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ সেই পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।


































