নারায়ণগঞ্জের বন্দরে একটি পরিত্যক্ত কটন মিল থেকে পুরাতন কাটিং মেশিনের যন্ত্রাংশ চুরির সময় দুই যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের আরও ২-৩ জন সহযোগী পালিয়ে যায়।
গত বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচোরা এলাকার ফালু মিয়ার ছেলে রাকিব (২৩) এবং একই এলাকার আনার হোসেনের ছেলে রাহাত (২০)।
এ ঘটনায় কটন মিলের মালিক মো. আমিনুল ইসলাম সৌরভ বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও রাহাতের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলাটি পেনাল কোড, ১৮৬০-এর ৩৮০, ৪৫৪ ও ৪১১ ধারায় রুজু হয়েছে। মামলার নম্বর ৩০(৭)/২৬।
মামলার বাদী আমিনুল ইসলাম সৌরভ জানান, উত্তর লক্ষণখোলা এলাকায় তার একটি পরিত্যক্ত কটন মিল রয়েছে। এর আগে একাধিকবার ওই মিল থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে।
তিনি বলেন, বুধবার চোরেরা ফ্যাক্টরির পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আটটি কাটিং মেশিনের যন্ত্রাংশ চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় তার ছোট ভাই বিষয়টি দেখে ফেললে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের গণপিটুনির পর বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


































