নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, চুরির টাকা ছিনিয়ে নিল আরেক যুবক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৬, ১৬ জুলাই ২০২৬

বন্দরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, চুরির টাকা ছিনিয়ে নিল আরেক যুবক

নারায়ণগঞ্জের বন্দরে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় নগদ সাড়ে ৪ লাখ টাকা ও তিনটি স্মার্টফোন খোয়া গেছে। এ ঘটনার পর চুরি করা টাকা ও মোবাইল ফোন আরেক যুবক জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক দেড়টার দিকে বন্দর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী মো. রাসেল মাহমুদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. নুরুল আমিন মোল্লার ছেলে।

 

লিখিত অভিযোগে রাসেল মাহমুদ উল্লেখ করেন, ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে দিঘীরপাড় এলাকার আমানের বাড়ির ভাড়াটিয়া মো. সাগর (১৭) জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঘরের ভেতর থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা রাখা একটি ব্যাগ এবং তিনটি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। পরে টাকা বের করে খালি ব্যাগটি পাশের একটি বাড়ির ছাদে ফেলে রেখে যায়।

 

সকালে চুরির বিষয়টি জানতে পেরে বাড়ির আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে অভিযুক্ত সাগরের চলাফেরার দৃশ্য ধরা পড়ে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

 

অভিযোগে আরও বলা হয়, চুরির পর চিতাশাল এলাকার মো. সোহান প্রধান (২০) বিষয়টি জানতে পেরে সাগরকে মারধর করে তার কাছ থেকে চুরি করা নগদ টাকা ও মোবাইল ফোনগুলো জোরপূর্বক নিয়ে নেয়।

 

রাসেল মাহমুদ দাবি করেন, পরে তিনি সোহানের সঙ্গে যোগাযোগ করলে সোহান তাকে গালিগালাজ করেন এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন।

 

ভুক্তভোগী বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং স্থানীয়ভাবে বিষয়টি যাচাই-বাছাই করতে সময় লাগায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারের দাবি জানান।

 

এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: