নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নগরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘চকচকে-ঝকঝকে, নিট অ্যান্ড ক্লিন’ নগর গড়ার যে বার্তা রয়েছে, তা বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে এটি সম্ভব নয়। নগরবাসীকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা শুধু একটি কর্মসূচি নয়; এটি নাগরিক দায়িত্ববোধেরও অংশ। তাই সিটি করপোরেশনের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসতে হবে।
ড্রেন সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কামাল হোসেন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক রুবেল হোসেন মিন্টু, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি হানিফ মৃধা, নাসিক ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, নাসিক ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন, সদস্যসচিব কাজী অকিল, যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান এবং সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।


































