নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

৫৬ দিন কারাভোগের পর জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৫, ৩১ আগস্ট ২০২৬

৫৬ দিন কারাভোগের পর জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব

নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকার বাসিন্দা ও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সোয়াইব রহমান ৫৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

 

সোমবার (৩১ আগস্ট) জামিনে মুক্ত হয়ে তিনি নিজ বাসভবনে ফিরলে তাকে শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসী। এ সময় সমাজসেবক মো. ফয়সাল, শফিউর রহমান অপু ও আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং তার খোঁজখবর নেন।

 

জামিনে মুক্তির পর প্রতিক্রিয়ায় সোয়াইব রহমান বলেন, “জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে ও ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে ৫৬ দিন জেল খাটতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে।”

 

এ সময় তিনি কারাবাসের সময়ে পাশে থাকা সহযোদ্ধা ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সোয়াইবকে শুভেচ্ছা জানাতে আসা স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘বানোয়াট’ ও ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে নিন্দা জানান।

 

তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া একজন জুলাই যোদ্ধাকে মামলায় কারাগারে থাকতে হয়েছে—এটি দুঃখজনক। সোয়াইবের বিরুদ্ধে থাকা মামলাগুলো পুনর্বিবেচনা করে আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানান তারা।

 

স্থানীয়রা সোয়াইব রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়ে তার সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

তবে সোয়াইব রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বর্তমান আইনি অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট নথি বা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়: