আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের উদ্যোগে ঘোষিত লং মার্চ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর যুব বিভাগ।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় আন-নূর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, ৫ সেপ্টেম্বরের লং মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনার সূচনা করবে। এ কর্মসূচির লক্ষ্য শুধু সরকার পতন নয়; বরং জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করা।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের ওপর শাসক হিসেবে নয়, বরং সেবক হিসেবে কাজ করতে চায়।
লং মার্চ সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে বাস্তবায়নে যুব নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, চিটাগাং রোড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত নির্ধারিত এলাকায় শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পুরো রুটকে সাত থেকে আটটি স্পটে ভাগ করে প্রতিটি স্পটে মূল দায়িত্বশীল ও সহদায়িত্বশীলদের অধীনে প্রয়োজনীয় সদস্যদের দল গঠন করা হবে।
তিনি আরও বলেন, লং মার্চে যেকোনো ধরনের প্ররোচনা এড়িয়ে পূর্ণ শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সঙ্গে নেতৃত্বের নির্দেশনা ও ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে যুবসমাজকে সুসংগঠিতভাবে মাঠে থাকার আহ্বান জানান।


































