একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, “আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানরা যেন শুধু সনদভিত্তিক পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে। একটি সুন্দর, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে একাডেমিক অর্জনের সঙ্গে সুদৃঢ় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি।”
রোববার (৩০ আগস্ট) সকালে কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফযুল কুরআন, নারায়ণগঞ্জ শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনের পথ তৈরি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।


































