নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০২, ১ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বক্তব্য রাখেন।

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “বিগত দিনে যেভাবে রাজপথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করেছিলাম, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।”

ফতুল্লা থানা বিএনপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দাবি করে তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ। তবে দলের মধ্যে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের প্রবেশ এবং তাদের মাধ্যমে গ্রুপিং তৈরির চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্ট সহ্য করেছেন। তারা আন্দোলন-সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন এবং বছরের পর বছর কারাগারে থেকেছেন।

বক্তারা আরও বলেন, “আজকে যদি আপনারা মনে করেন, ১৭ বছর একটি দলের ছায়া থেকে আজকে সে আমার বিএনপির নেতৃত্ব দেবে, এটা ভুল ধারণা।”

তারা বলেন, বিএনপিতে যোগ দিয়ে দল করতে চাইলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।