বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক দিনা তাজরীন এবং উত্তম সাহা।
বক্তব্যে রফিউর রাব্বি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালি জাতিসত্তা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু বিভিন্ন সময়ে তাঁদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে, যার ফলে দুই কবিকেই যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, জাতীয় সংগ্রাম এবং বিভিন্ন সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ও দর্শন বারবার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এমনকি ২০২৪ সালের ছাত্র-গণআন্দোলনেও তাঁদের সৃষ্টি প্রাসঙ্গিক ও অপরিহার্য হয়ে উঠেছিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডলি বণিক ও সুমিত সাহা। এ সময় জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তারা স্মরণ করিয়ে দেন, ১৯২৬ সালে নারায়ণগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। একই বছর কাজী নজরুল ইসলাম নারায়ণগঞ্জে অবস্থানকালে তাঁর আলোচিত ‘অভিযান’ কবিতাটি রচনা করেন। এ দুই ঐতিহাসিক ঘটনার শতবর্ষ উপলক্ষে চলতি বছর নারায়ণগঞ্জে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


































