নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৬ আগস্ট ২০২৬

জীবনের বর্ণিল ক্যানভাস’ বইয়ের মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩১, ১৬ আগস্ট ২০২৬

জীবনের বর্ণিল ক্যানভাস’ বইয়ের মোড়ক উন্মোচন

ছাত্র ও তরুণ সমাজের উদ্যোগে লেখক মোহাম্মদ মামুন হোসেন রচিত ‘জীবনের বর্ণিল ক্যানভাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব পূর্ব মসিনাবন্দ এলাকার বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কার্যালয়ে ছাত্র কল্যাণী ইউনিটের উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ছাত্র ও তরুণ সমাজের প্রতিনিধিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে লেখক মোহাম্মদ মামুন হোসেন বলেন, “জীবনের বর্ণিল ক্যানভাস শুধু একটি বই নয়; এটি মানুষের জীবন, অনুভূতি, সংগ্রাম, স্বপ্ন ও আত্মউপলব্ধির এক হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি।”

 

তিনি বলেন, জীবনের নানা রং, বৈচিত্র্য ও বাস্তব অভিজ্ঞতাকে সহজ ও গভীর ভাষায় গ্রন্থটিতে তুলে ধরা হয়েছে। বইটি পাঠককে যেমন জীবন নিয়ে ভাবতে শেখাবে, তেমনি ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

 

লেখক জানান, গ্রন্থটিতে জীবনের ছোট-বড় ঘটনা, মানবিক মূল্যবোধ, শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব, নৈতিকতা ও ইতিবাচক চিন্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। প্রতিটি লেখায় একজন সচেতন মানুষের জীবনবোধ এবং সমাজকে সুন্দর করার প্রত্যয় ফুটে উঠেছে।

 

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষ যখন নানা সংকট, হতাশা ও মূল্যবোধের অবক্ষয়ের মুখোমুখি, তখন ‘জীবনের বর্ণিল ক্যানভাস’ পাঠককে নতুনভাবে জীবনকে দেখার সুযোগ করে দিতে পারে। বইটির প্রতিটি অধ্যায় যেন জীবনের ক্যানভাসে আঁকা একেকটি রঙিন তুলির আঁচড়, যা পাঠকের চিন্তাকে সমৃদ্ধ করবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

 

সহজ-সরল ভাষা, বাস্তবমুখী ভাবনা ও অনুপ্রেরণামূলক উপস্থাপনার কারণে বইটি তরুণ, শিক্ষার্থী, সমাজকর্মীসহ সাধারণ পাঠকদের কাছেও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন লেখক।

 

মোহাম্মদ মামুন হোসেন বলেন, “জীবন এক বিশাল ক্যানভাস, আর আমাদের চিন্তা, কর্ম ও মানবিকতাই সেই ক্যানভাসের প্রকৃত রং।” সুন্দর ও মানবিক সমাজ গঠনে প্রত্যেক মানুষের ইতিবাচক চিন্তা, দায়িত্বশীল কর্ম ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানের শেষে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত করে তোলায় উপস্থিত ছাত্র, তরুণ সমাজ, সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান লেখক মোহাম্মদ মামুন হোসেন।

সম্পর্কিত বিষয়: