চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান ও তাঁর সহযোগীরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী উপজেলার খানখানাবাদ (কাংখানা) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্থানীয় অসহায় ও কর্মহীন পরিবারের হাতে এ মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে পাঠানো ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণকালে আলিফ দেওয়ান বলেন, “যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। নারায়ণগঞ্জবাসীর ভালোবাসার এই উপহার আমরা শুধু দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়ার মাধ্যম হয়েছি। দেশের যেকোনো প্রান্তে মানুষ সংকটে পড়লে আমরা এভাবেই পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয় সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিয়মিত সহযোগিতা করে আসছেন আলিফ দেওয়ান ও তাঁর স্বেচ্ছাসেবী দল। এর আগে ২০২৪ সালের ফেনীর ভয়াবহ বন্যা এবং ২০২৫ সালে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও তারা মাঠপর্যায়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনসিপির নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে এমন সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রেখেছে এবং এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


































