চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মধ্যরাত পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লজিক অব বাংলাদেশ (Logic of Bangladesh)। সংগঠনটির ডিজাস্টার রেসপন্স টিম বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১টা পর্যন্ত দুর্গম এলাকায় ঘরে ঘরে গিয়ে বন্যার্তদের হাতে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।
ত্রাণ কার্যক্রম পরিচালিত হয় বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সমুদ্র উপকূলীয় এলাকা, ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঈলশা ও ঈলশা এলাকা এবং ১৪৭ নম্বর জালিয়াঘাটা কানুনগোখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৫০০ বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিশুদ্ধ পানি, চকলেট ও স্যালাইন বিতরণ করা হয়েছে। এছাড়া মোমবাতি, ম্যাচ, প্রয়োজনীয় দুই ধরনের ওষুধ এবং নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনও সরবরাহ করা হয়।
ত্রাণ বিতরণকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবীরা জানতে পারেন, বন্যার পানি নামতে শুরু করলেও দুর্গম এলাকার মানুষ এখনও চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে মূল সড়ক থেকে ভেতরের দিকে অবস্থিত অনেক বসতবাড়িতে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। পানিতে তলিয়ে যাওয়ার পর কাঁচা ঘরের মাটির মেঝে কাদায় পরিণত হওয়ায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে শুধু সড়কসংলগ্ন এলাকায় নয়, বরং প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলেও সমানভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে লজিক অব বাংলাদেশ জানায়, স্থানীয়দের এই আহ্বানকে গুরুত্ব দিয়ে পরবর্তী পর্যায়ের ত্রাণ কার্যক্রমে দুর্গম ও অভ্যন্তরীণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।


































