নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে একাধিক বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশকে মাস্ক পরিহিত অবস্থায় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে অংশগ্রহণকারীদের "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" এবং **"মিথ্যা মামলা প্রত্যাহার করো"**সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভিডিও বিশ্লেষণে দেখা যায়, বিদেশে অবস্থানরত ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর অনুসারীরা যুবলীগের ব্যানারে একটি মিছিল করেন। এছাড়া ঢাকায় অবস্থানরত স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মিরুর অনুসারীরা জেলা যুবলীগের ব্যানারে আরেকটি মিছিল করেন। অপরদিকে, ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহম্মেদ মাসুমের উপস্থিতিতে আরও তিনটি মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে ভিডিওতে দেখা যায়। প্রতিটি মিছিলেই অংশগ্রহণকারীদের মাস্ক পরে স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
ভিডিওতে আরও দেখা যায়, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন সড়ক ও এলাকায় বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা।
এদিকে, এসব মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকের মতে, প্রকাশ্যে এ ধরনের মিছিল অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের তৎপরতা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, "স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল মাওয়া রোড এলাকায় হয়েছে। আরেকটি মিছিল মুন্সিখোলা এলাকায়, যা কদমতলী থানা এলাকার মধ্যে পড়ে। অপর ঘটনাটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ভিডিওগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"


































