নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদক কারবারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলায় আহত ওই পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউনুস আলী চুনাভূড়া এলাকার মৃত চাঁন শরীফ চৌকিদারের ছেলে। তিনি এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালন করতেন। সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের প্রস্তুতির জন্য ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছুটিতে থাকা অবস্থায় রোববার বাড়ির আশপাশে হাঁটতে বের হলে তিনি স্থানীয় চিহ্নিত মাদক কারবারি তুহিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখেন। এ সময় তিনি মাদক বিক্রিতে বাধা দিলে তুহিন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইউনুস আলীর গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মাদক কারবারি তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


































