নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যা, ধর্ষণের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি, চুরি, বৈষম্যবিরোধী মামলাসহ বিভিন্ন মামলায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম (৩৮) এবং মিজমিজি বাতানপাড়া এলাকা থেকে মো. ইব্রাহীম আকাশকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে হত্যা মামলায় মো. সাকিল (৩৫), ধর্ষণের চেষ্টা মামলায় রাকিবুল ইসলাম ওরফে রবিন (৩০), ডাকাতির প্রস্তুতি মামলায় মো. আলী আজগর (৪৫), চুরি মামলায় নার্গিস ও মো. রিদয় হাসান (২২), বৈষম্যবিরোধী মামলায় মো. সালাম (৩২) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































