নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬

সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৬, ২০ জুলাই ২০২৬

সাংবাদিক নেতা ও আইনজীবী  মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন

৬৯-এ পা দিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। ১৯৫৮ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই সাংবাদিক নেতা, আইনজীবী এবং পরিবেশ ও মানবাধিকার কর্মী। নগরীর ১৭নং ওয়ার্ডের পাকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ছিল মাহবুবুর রহমান মাসুমের প্রাইমারি শিক্ষাকেন্দ্র। ক্লাস থ্রি পর্যন্ত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেন। এরপর জয়গোবিন্দ হাইস্কুল হতে এসএসসি সম্পন্ন করেন। সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৮১ সালে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি শেষ করে, ১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় যোগদান করেন।দীর্ঘ ৩৪ বছর যাবৎ তিনি দৈনিক খবরের পাতার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ৪৬ বছরের সাংবাদিক জীবনে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা,দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের কাগজ-এর নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি তিনবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।রাজনীতিতে মাহবুবুর রহমান মাসুমের হাতেখড়ি তোলারাম কলেজে পড়াকালীন সময়ে। তিনি জেলা ছাত্রলীগ (জাসদ)-এর সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় বিভিন্ন ছাত্রসংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় তোলারাম কলেজকে সরকারিকরণের আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন।ছাত্রজীবনে কাব স্কাউট থেকে বয় স্কাউট এবং তোলারাম কলেজের রোভার স্কাউটের সিনিয়র রোভার মেটের দায়িত্ব পালন শেষে ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক এবং নয় বছর উপজেলা স্কাউটের কমিশনার ও ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি খেলাধুলা ও শিক্ষায় অবদান রেখেছেন। তিনি একাধারে ১৬ বছর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে জেলার ১ম বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি।শিক্ষানুরাগী হিসেবে মাহবুবুর রহমান মাসুম আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের ৩ বারের নির্বাচিত সদস্য। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি,বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জের সকল নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন। তিনি সন্ত্রাসবিরোধী আন্দোলন, বাসভাড়া কমানো এবং নাগরিকদের বিভিন্ন অধিকার আদায়ের লড়াইয়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।মাহবুবুর রহমান মাসুম তাঁর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত বিষয়: