নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন মাসদাইর বারৈইভোগ খানকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পশ্চিম মাসদাইর বারৈইভোগ (খানকার মোড়) এলাকার বাসিন্দা এবং মো. রাকিবুল ইসলাম অপু (২৫), শিবু মার্কেট ব্যাংক মোড় এলাকার সোনা মিয়ার বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, এসআই নন্দন চন্দ্র সরকার, এসআই শামীম হোসাইন, এসআই রফিক (পিপিএম) ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাসুদের বসতবাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক যাচাই (পিসিপিআর) অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































