সিদ্ধিগঞ্জের লক্ষীনারায়ণ কটোন মিলের একটি খালি জমি খেলার মাঠ তৈরির উদ্দেশ্যে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মোঃ শফিকুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) রাত দশটার এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ।
লক্ষীনারায়ণ কটন মিলের শেয়ার হোল্ডার আব্দুর রব, ইয়াকুব ও হামলায় আহত আরমান জানান, প্রায় অর্ধশত শেয়ারহোল্ডারদের সাথে দীর্ঘদিন ধরে নীট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীনের সাথে বিরোধ রয়েছে। এই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান অবস্থায় আছে। এমতাবস্থায় তারা স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা চালায়। আমরা বাধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এমিলি নামে এক নারীর মাথায় রক্তাক্ত জখম এবং সাইফুল ও আরমান নামে দুজনকে মারধর করা হয়েছে। শফিকুল ইসলাম শফিক নীটকনসারনের মালিক জাহাঙ্গীর মোল্লার লোক।
এ বিষয়ে শফিকুল ইসলাম শফিক জানান, কটন মিল এলাকায় বর্তমানে মাদকের বিস্তৃতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যা নিয়ে সেখানকার বাসিন্দারা আমাকে অসংখ্যবার জানিয়েছে। সেই প্রেক্ষিতে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে আমি ওই এলাকার একটি খালি জমিতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেই। পরে বালু ভরাট করতে গেলে সেখানকার নারী-পুরুষ এসে সংঘর্ষে জড়ায়। পরে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সালেকুজ্জামান জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় এক নারী জখম হয়েছে। তাদেরকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের মালিকানা ও বেদখল নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা ও বিরোধ চলছে। শেয়ারহোল্ডারদের অধিকার রক্ষা, অবৈধ স্থাপনা নির্মাণ এবং মন্দির ভাঙার অভিযোগকে কেন্দ্র করে মিলটির বর্তমান ও প্রাক্তন মালিকপক্ষের মধ্যে আইনি লড়াই চলমান রয়েছে।


































