নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জুলাই ২০২৬

রক্ত দিন, জীবন বাঁচান—গড়ুন মানবিক সমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:৫৬, ২২ জুলাই ২০২৬

রক্ত দিন, জীবন বাঁচান—গড়ুন মানবিক সমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বৈষম্যমুক্ত মানবিক ফোরাম, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘রক্ত দিন, জীবন বাঁচান—গড়ুন মানবিক সমাজ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) বাদ মাগরিব গোগনগর পূর্ব মশিনাবন্ধ এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তরুণ ছাত্রসমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কবি-সাহিত্যিক, সমাজসেবক, প্রবীণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো. মামুন হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম মিয়া, মোহাম্মদ হোসেন ও মো. মেহেদী। এছাড়াও বিভিন্ন অতিথি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জসীমউদ্দীন।

সভাপতির বক্তব্যে জসীমউদ্দীন বলেন, “এক ব্যাগ রক্ত হতে পারে একটি জীবনের নতুন আশার আলো। স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি, প্রসূতি মা, থ্যালাসেমিয়া রোগী কিংবা গুরুতর অসুস্থ মানুষের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে এবং অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।”

সমাপনী বক্তব্যে প্রধান আলোচক মো. মামুন হোসেন বলেন, “‘রক্ত দিন, জীবন বাঁচান—গড়ুন মানবিক সমাজ’ শুধু একটি স্লোগান নয়, এটি মানবতার সেবায় আত্মনিয়োগের এক মহান আহ্বান। একজন স্বেচ্ছায় রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। তাই রক্তদান সামাজিক দায়িত্বের পাশাপাশি মানবিকতা ও নৈতিক মূল্যবোধের উজ্জ্বল প্রকাশ।”

তিনি আরও বলেন, ইসলাম মানবজীবন রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, “যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকেই রক্ষা করল।” (সূরা আল-মায়িদা: ৫:৩২)। এই শিক্ষা অনুসরণ করে সমাজের সকলকে নিরাপদ ও নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

তিনি তরুণ সমাজকে রক্তদান আন্দোলনের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, একটি সুসংগঠিত রক্তদাতা নেটওয়ার্ক অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে সভাপতি জসীমউদ্দীন সফল ও প্রাণবন্ত এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করায় উপস্থিত অতিথি, সংগঠক ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সম্পর্কিত বিষয়: