নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মারধরে অটোরিকশা চালকের মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৩১, ২৩ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মারধরে অটোরিকশা চালকের মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরে রফিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী জেলার ঘেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান সিএনজি পাম্পে প্রবেশের সময় একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম অটোরিকশাচালক রফিকুল ইসলামকে মারধর করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

সম্পর্কিত বিষয়: