নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৭, ২৩ জুলাই ২০২৬

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে উপজেলার চারটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে লাউসার এলাকার একটি পরিত্যক্ত চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের প্রস্তুতির অভিযোগে প্রায় ৫০০ ফুট প্লাস্টিক হোস পাইপ অপসারণ করা হয়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা আনুমানিক ১৫০ বস্তা চুন কেটে পানিতে নষ্ট করা হয়। তবে কারখানার মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

 

পূর্ব কেওডালা মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০টি ডাবল চুলা ও দুটি স্টার বার্নারে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ২৫০ ফুট এমএস পাইপ, ১১টি রেগুলেটর, ৬টি লকিং কক এবং দুটি স্টার বার্নার জব্দ করা হয়।

 

এদিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার একটি চুন কারখানায় তিতাসের বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে মো. সালাউদ্দিন সুমন (৩৪)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ ফুট এমএস পাইপ, প্রায় ১০০ ফুট প্লাস্টিক হোস পাইপ এবং একটি কম্প্রেসর মেশিন জব্দ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

এছাড়া মালিবাগ বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০০টি ডাবল চুলায় ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ২০০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয়।

 

তিতাসের কর্মকর্তারা জানান, চারটি স্থানে অবৈধ গ্যাস সংযোগের উৎসে কিলিং ও ক্যাপিং পদ্ধতিতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।