নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ জুলাই ২০২৬

বন্দরে মাদক দ্রব্যসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৬, ২৩ জুলাই ২০২৬

বন্দরে মাদক দ্রব্যসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন্দর থানা পুলিশ ও র‍্যাব-১১।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার শাহজাহান ওরফে সাগর (৩০), নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকার বোরহান (৩৫) এবং একই এলাকার তানজিল হোসেন রাহাত (৩৩)।

 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার (২২ জুলাই) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড়, পূর্ব হাজীপুর ইয়াসিন শাহ দরবার শরিফ সংলগ্ন এলাকা এবং নবীগঞ্জ টি হোসেন রোডের কামাল উদ্দিনের মোড়ে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের একটি দল আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান ওরফে সাগরের বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে।

 

অন্যদিকে, বন্দর থানা পুলিশের একটি দল পূর্ব হাজীপুর ইয়াসিন শাহ দরবার শরিফের সামনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ বোরহানকে আটক করে।

 

এছাড়া র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ তানজিল হোসেন রাহাতকে গ্রেপ্তার করে।

 

পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন্দর থানা পুলিশ ও র‍্যাব-১১-এর পক্ষ থেকে বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর নম্বর ৪১(৭)২৬, ৪২(৭)২৬ ও ৪৩(৭)২৬।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

সম্পর্কিত বিষয়: