নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে

বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৫, ২৫ জুলাই ২০২৬

বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে উৎসবমুখর পরিবেশে বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশন-এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) সকালে বন্দর নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুল।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি কদম রসুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি মো. জান-ই-আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মুকুল বলেন, “আমি নিজে তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারিনি। তবে সবসময় স্বপ্ন দেখেছি আমার সন্তানদের সুশিক্ষিত করার। নিজের খাওয়া-পরা বা আরাম-আয়েশ কমিয়ে হলেও সন্তানদের পড়াশোনার পেছনে সর্বোচ্চ বিনিয়োগ করুন।” তিনি সন্তানদের উচ্চশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান জানান।

 

বন্দর কিন্ডারগার্টেন টিচার্স এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শারমীন ফারজানা-এর সভাপতিত্বে এবং মারুফ রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম, হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোর্শেদ মোল্লা, সংগঠনের উপদেষ্টা মো. রতন আলী শিকদার, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই মজুমদার এবং সংগঠনের আজীবন সদস্য মুহাম্মদ নূরে আলম।

 

এছাড়া উপস্থিত ছিলেন সোনামনি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রোজিনা আক্তার, বন্দর আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শিলা আক্তার, মারিয়া আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক উম্মে হাবিবা, প্রভাতী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠান প্রধান শেফালী বেগম, মডেল একাডেমির প্রধান শিক্ষক আতিকা নাহার ইফা, কুশিয়ারা ইসলামিক আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা এবং আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ফারহানা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

 

অনুষ্ঠারের শুরুতে সংগঠনের মহাসচিব রিনা আক্তার স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে।”

 

পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সংবর্ধনা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরো পড়ুন