নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ জুলাই ২০২৬

চেইঞ্জেস স্কুলের কৃতিত্ব, দেশসেরাদের তালিকায় সাফিয়া নওশিন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৪৪, ২৭ জুলাই ২০২৬

চেইঞ্জেস স্কুলের কৃতিত্ব,  দেশসেরাদের তালিকায় সাফিয়া নওশিন

দেশের অন্যতম স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুল আবারও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে শিক্ষা অঙ্গনে নতুন গৌরবের ইতিহাস সৃষ্টি করেছে। দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক আয়োজিত ২৫তম ডেইলি স্টার ও/এ লেভেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০২৫-এ প্রতিষ্ঠানটির ১৬ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানজনক পুরস্কার অর্জন করে চেইঞ্জেস স্কুলের উৎকর্ষকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে।

এবারের সবচেয়ে উজ্জ্বল অর্জনের নায়ক সাফিয়া চৌধুরী নওশিন। পিয়ারসন এডেক্সেল ‘ও’ লেভেল পরীক্ষায় তিনি ১১টি বিষয়ে অংশ নিয়ে সবগুলোতেই A* (এ-স্টার) অর্জন করেছেন, যা দেশের শিক্ষাঙ্গনে বিরল ও অনন্য কৃতিত্ব। তাঁর এই অসাধারণ ফলাফল তাঁকে দেশের সেরা শিক্ষার্থীদের কাতারে স্থান করে দিয়েছে এবং নারায়ণগঞ্জের জন্য বয়ে এনেছে গৌরব।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (বিসিইসি)-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ বছর দেশের ১২১টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে ১ হাজার ৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেল শিক্ষার্থী ছিলেন। সারা দেশের হাজারো মেধাবীর মধ্য থেকে দেশসেরা ৪২ জন ‘ও’ লেভেল শিক্ষার্থীর একজন হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন চেইঞ্জেস স্কুলের সাফিয়া চৌধুরী নওশিন।

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মার্ক টাওয়ার এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদ চৌধুরী স্বপন ও সুরমা চৌধুরীর কন্যা সাফিয়ার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি চেইঞ্জেস স্কুলের দীর্ঘদিনের শিক্ষাগত উৎকর্ষ, শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতারও উজ্জ্বল প্রতিফলন।

অনুষ্ঠানে দেশসেরা তিন শিক্ষার্থীর পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সুযোগ পান সাফিয়া চৌধুরী নওশিন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে তিনি বলেন,

“আমার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান আমার পরিবার, শিক্ষক এবং স্কুলের। তাঁদের অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এই অর্জনের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। আজ এই হলরুমে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এবং সীমাহীন সম্ভাবনার সমাবেশ ঘটেছে। আসুন, আমরা আমাদের মেধা, জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনি। আমরা আগামী দিনের জাতি গড়ার কারিগর—আমরাই পরিবর্তনের পথিকৃৎ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিয়তা ঘোষ এবং ডন বসকো স্কুল অ্যান্ড কলেজের সাহিল সাদমান।

শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের পেছনে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৪৯ জন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেও সংবর্ধনা জানানো হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, মেডেল ও সনদ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

চেইঞ্জেস স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ এ অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থীদের প্রতিটি সাফল্য প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের মেধা গড়ে তোলা সম্ভব। আমরা বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে।”

এই অর্জনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো—চেইঞ্জেস স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি স্বপ্ন, মেধা, নেতৃত্ব ও সাফল্য গড়ে তোলার এক অনন্য কেন্দ্র। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলেছে, সাফিয়া চৌধুরী নওশিন ও তাঁর সহপাঠীদের এই সাফল্য সেই অভিযাত্রাকে আরও সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে।

আরো পড়ুন