নারায়ণগঞ্জে প্রবেশের সময় মানুষের মধ্যে ভালো ধারণা তৈরি করতে চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চান জেলা প্রশাসক মো. রায়হান কবির।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম এলাকায় লিংক রোডে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, লিংক রোডের বিভিন্ন স্থানে নির্ধারিত ময়লা ফেলার স্থান করা হচ্ছে। সেইসাথে ময়লা নিয়মিত অপসারণ করা হবে। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানও পরিষ্কার করা হবে। এ কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় স্বেচ্ছাসেবী গ্রুপগুলোকে যুক্ত করা হবে।
নাগরিকদেরও নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই দায়িত্বশীল হলে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইঁয়া, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


































