‘ও’ লেভেল পরীক্ষায় এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুল। জুন ২০২৬ ‘ও’ লেভেল পরীক্ষায় প্রতিষ্ঠানটির সব পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি একাধিক শিক্ষার্থী অর্জন করেছে অসাধারণ ফলাফল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চেইঞ্জেস স্কুল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনের পিয়ারসন এডেক্সেল কর্তৃক প্রকাশিত জুন ২০২৬ ‘ও’ লেভেল পরীক্ষার ফলাফলে চেইঞ্জেস স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে মো. ইফতেকার চৌধুরী ইশান ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে সবগুলোতেই এ স্টার (A)* অর্জন করেছে। তার এই অসাধারণ ফলাফল এবারের চেইঞ্জেস স্কুলের সাফল্যের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত।
এছাড়া জান্নাতুল ফেরদৌস আমরিন ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৮টি এ স্টার ও ১টি এ অর্জন করেছে। আয়মান আলম ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে পেয়েছে ৭টি এ স্টার ও ১টি এ।
সামসুন্নাহার মাহা ৮টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৬টি এ স্টার ও ১টি এ এবং মেহেরিন রহমান মাহিয়া ৯টি বিষয়ে পরীক্ষা দিয়ে ৪টি এ স্টার ও ৪টি এ অর্জন করেছে।
শিক্ষার্থীদের এ সাফল্যে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। চেইঞ্জেস স্কুল কর্তৃপক্ষ মনে করে, দীর্ঘদিনের শিক্ষাদর্শন, নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা, নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়েই এই ধারাবাহিক সাফল্য অর্জিত হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, চেইঞ্জেস স্কুলের এই অর্জন শুধু ভালো ফলাফলের পরিসংখ্যান নয়; এটি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সাফল্য কামনা করেছে প্রতিষ্ঠানটি।
চেইঞ্জেস স্কুলের সাফল্যের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।


































