নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬

বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৬, ২৭ আগস্ট ২০২৬

বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের ভূঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাসেম হুমায়ুন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের ট্রাস্টি কাসেম জামাল, ট্রাস্টি অ্যাডভোকেট নবী হোসেন, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; শিল্প-সংস্কৃতি ও খেলাধুলার চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। বর্তমানে নতুন প্রজন্মের একটি অংশ মোবাইল ফোন ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাদের এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন।

 

তারা আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।