নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৯৬

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০০:২৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৯৬

নারায়ণগঞ্জ জেলা জুড়ে পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ আরও জানায়, অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ১৪ জন (১২ জন মাদকসেবী ও অন্যান্য অপরাধে ২ জন), ফতুল্লা মডেল থানা ২২ জন মাদকসেবী এবং বন্দর থানা ১৩ জনকে (১০ জন মাদকসেবী ও অন্যান্য অপরাধে ৩ জন) গ্রেপ্তার করে।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা থেকে ১৭ জন (১৩ জন মাদকসেবী ও ৪ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য), সোনারগাঁও থানা থেকে ৭ জন (৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী ও ১ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য) এবং রূপগঞ্জ থানা থেকে ৬ জনকে (৪ জন মাদকসেবী ও অন্যান্য অপরাধে ২ জন) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে আড়াইহাজার থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ১৮০ বোতল বিয়ারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। একই থানা পুলিশ একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সামগ্রিক অভিযানে সাতটি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে ২০ জন মাদক ব্যবসায়ী, ৬৭ জন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ জন সদস্যসহ সর্বমোট ৯৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।