নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬

দেওভোগে রোটারি ক্লাব না:গঞ্জ সিটির মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দেওভোগে রোটারি ক্লাব না:গঞ্জ সিটির মশক নিধন কর্মসূচি

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা এলাকায় মশক নিধন কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় শুক্রবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির আওতায় দেওভোগ মাদ্রাসা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে যেসব এলাকা ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব এলাকায় মশার বিস্তার রোধে গুরুত্ব দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সিটির সভাপতি রোটারিয়ান আব্দুল কাদের জিলানি, সাধারণ সম্পাদক ইব্রাহিম শেখ, সদস্য এমরান আলী সজীব ও রইসুল ইসলাম মিলনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মশক নিধন নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়েও স্থানীয়দের সচেতন করা হচ্ছে।

 

ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ অন্যান্য এলাকাতেও পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গু মৌসুমে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।