জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার।
পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের সুধীজন পাঠাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের ৩৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরপরই অংশগ্রহণকারীদের নজরুল বিষয়ক একটি বই উপহার হিসেবে দেওয়া হবে। তবে প্রতিযোগিতার দিন শিক্ষার্থীদের মূল নিবন্ধন ফি ৩৫০ টাকা পুরোটাই ফেরত দেওয়া হবে এবং উপহারের বইটি তাদের কাছেই থেকে যাবে।
প্রতিযোগিতায় বিজয়ী ১ম স্থান অর্জনকারী পাবেন ৭ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারী ৫ হাজার টাকা এবং ৩য় স্থান অর্জনকারী পাবেন ৪ হাজার টাকা পুরস্কার।
অনুষ্ঠান ও নিবন্ধন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সুধীজন পাঠাগারের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (www.sudhijanpathagar.org) অথবা নির্ধারিত ফোন নম্বরে (০১৬-৮৪৩-৭৫০৭৬) বেলা ১২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করা যাবে।

































