নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, দস্যু, ডাকাত, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৫৯ জন মাদকসেবী, ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৯ জন ছিনতাইকারী, একজন দস্যু, একজন ডাকাত, ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ৮ আসামি, অন্যান্য আইনে ৩ জন, মোবাইল কোর্টে দণ্ডিত ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২১ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ২ জন চোর, একজন দস্যু, ওয়ারেন্টভুক্ত ৯ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী, ৪ জন ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে ৯ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য মামলার ৩ আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক বোতল কেরু মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৩ জন ছিনতাইকারী, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩ বোতল স্কাফসহ একজন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার ৩ আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে একজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ৫ আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































