নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৯৪ জন মাদকসেবী, চারজন ডাকাত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন সদস্য রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ও ০.৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ জন এবং অন্যান্য ধারায় তিনজন আসামি রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৪ জন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সাতজন, বন্দর থানা পুলিশ ১১ জন, সোনারগাঁ থানা পুলিশ ২৬ জন এবং রূপগঞ্জ থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে ফতুল্লায় ১২২ পিস ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ী এবং সোনারগাঁয়ে ২১১ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজন করে মোট চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


































