নারায়ণগঞ্জ টাইমসে প্রকাশিত গত ২১ জুলাই “ভেজাইল্লা সুলতান আটক, মুচলেকায় মুক্ত” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দপ্তর বার্তার সম্পাদক সুলতান মাহমুদ।
তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর, অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। সংবাদে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করার অপচেষ্টা করা হয়েছে। সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি সংবাদে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণভাবে অস্বীকার করছেন।
প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, সাংবাদিক, সংগঠক ও ব্যবসায়ী।
তিনি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত।
তিনি ১৯৮০-এর দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রসংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন হয়রানি ও মামলার শিকার হয়ে একাধিকবার কারাভোগ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলাসমূহ নির্বাহী আদেশে নথিজাত/নিষ্পত্তি হয়েছে বলেও তিনি দাবি করেন।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, তিনি একটি পত্রিকার সম্পাদক এবং একাধিক অনলাইন পোর্টালের মালিক। দেশ-বিদেশে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। “ভেজাইল্লা সুলতান আটক, মুচলেকায় মুক্ত” শিরোনামে সংবাদ প্রকাশের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশে-বিদেশে তার ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।


































