সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও সাবেক নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার দেশে সুশাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘রাজনৈতিক বসদের’ খুশি করার প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শুধু আলোচনা ও সোচ্চার হলেই হবে না, অন্যায়-অবিচারের বিরুদ্ধে নাগরিকদের সংগঠিত হয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পুলিশকে সততা, নিষ্ঠা ও মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৫টার কিছু আগে শুরু হওয়া সভা চলে রাত ৮টা পর্যন্ত। এতে রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
বদিউল আলম মজুমদার বলেন, “ত্বকী হত্যার যদি বিচার চান, অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে সক্রিয় হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারকে আমরা প্রতিহত করতে পারব। আইনশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বস যারা, তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসেন। তাহলে এই সমস্যার সমাধান করতে পারব।”
তিনি আরও বলেন, “তা না হলে এই সমস্যা বেসামাল হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমাদের দেশটা বাসের অযোগ্য হয়ে যাবে। আমাদের শুধু সোচ্চার নয়, সক্রিয় হতে হবে।”
প্রশাসন মাদক ও সন্ত্রাস নির্মূলে আন্তরিক হলেও অতীতের পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন সুজন সম্পাদক। তিনি বলেন, অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন মহল থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সহযোগিতা ছিল, সেসব এখনো অব্যাহত রয়েছে। মাত্রাগত কিছু পার্থক্য থাকলেও পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা এবং মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তবে পুলিশের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। রাষ্ট্রের মালিক হিসেবে নাগরিকদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সমাজের সচেতন মানুষদের শুধু আলোচনা সভায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সামাজিক সমস্যা দূর করতে সংগঠিত হয়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। কারও মানবাধিকার লঙ্ঘন না করে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এসব সমস্যার সমাধান সম্ভব।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, নারায়ণগঞ্জের যেমন অনেক সুনাম রয়েছে, তেমনি সন্ত্রাসী জনপদ ও বিভিন্ন অপকর্মের কেন্দ্র হিসেবে দুর্নামও রয়েছে। অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে তিনি র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ডেভিড, সাত খুন ও ত্বকী হত্যার কথা উল্লেখ করেন।
তিনি আরও জানান, সম্প্রতি কুমিল্লা থেকে ফেরার পথে কাঁচপুর সেতুর কাছাকাছি মহাসড়কে ডাকাতির ঘটনা তিনি নিজেও প্রত্যক্ষ করেছেন।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু, এবং সমমনার জেলা সভাপতি গোবিন্দ সাহা প্রমুখ।


































