পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দক্ষিণ শিয়াচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন জাতীয় শ্রমিক শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা সজীব হোসেন ইবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী হানিফ মোল্লা।
চারা বিতরণকালে সজীব হোসেন ইবু বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করা। আজকের এই চারাগাছগুলো ভবিষ্যতে আমাদের ছায়া ও ফল দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী হানিফ মোল্লা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর। তিনি গাছ রোপণের পাশাপাশি সেগুলো টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


































