নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ আগস্ট ২০২৬

ছেলে হত্যা মামলার বাদী বাবাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১২:০৪, ৩ আগস্ট ২০২৬

ছেলে হত্যা মামলার বাদী বাবাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেল (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

র‌্যাব-১১ জানায়, গত ১৭ জুলাই ২০২৬ শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)-কে নোবেল ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই তিনি মারা যান।

 

নিহত ফজলুল হক একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-১১।

র‌্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই হত্যা মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ২ আগস্ট রাত আনুমানিক ১০টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেল (৩০)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নোবেলের বাড়ি সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায়। তার বাবার নাম রমজান শেখ। সে নাসিক ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন শেখের ভাতিজা। এই হত্যা মামলায় সামছুদ্দিন শেখও এজাহারভুক্ত ৫ নাম্বার আসামী। তবে তাকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। 

 

র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।