নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত মেডি কেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল স্পেশালিস্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
এরমধ্যে মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত অনুমোদনের ঘাটতি পাওয়ায় ওটি সিলগালা করা হয় এবং ১ লাখ ২০ হাজার টাকা এবং রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, সোনারগাঁয়ে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন ও বিধিমালা না মেনে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন চিকিৎসা গ্রহণের আগে হাসপাতাল বা ক্লিনিকের বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদন যাচাই করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।


































