নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত কেপিআইভুক্ত পদ্মা পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ডিপোতে অবৈধ অনুপ্রবেশ, মহড়া এবং কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ডিপোর এটিএফ (Aviation Turbine Fuel) ডেলিভারি পয়েন্টে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, শৃঙ্খলাজনিত কারণে এটিএফ ডেলিভারি পয়েন্টের মোহাম্মদ রফিকুল ইসলাম রবি (৫২), মনির হোসেন মন্ডল (৫৮)কে সরিয়ে নতুন কর্মী নিয়োগ দেওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল মোল্লা ও তার সহযোগীদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে ডিপোর ভেতরে প্রবেশ করে। সেখানে তারা কিছু সময় অবস্থান করেন এবং নবনিযুক্ত কর্মীদের কাজ ছেড়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে মোবাইল ফোনেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
ঘটনার পর কেপিআইভুক্ত এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং ডিপোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডিপো ইনচার্জ আমিনুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


































