নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাট এলাকায় বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই দুলাল চন্দ্র বসাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তি প্রায় ২৭ বছর বয়সী একজন মুসলিম যুবক বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে।
পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


































