নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাজিপাড়া এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী মোক্তার আলী (৫১)কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতেরববিচারক নিভানা খায়ের জেসি আসামীর উপস্থিতিতে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোক্তার নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২২ সালের ২০ নভেম্বর ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী মোক্তার আলীর সাথে ঝগড়ার এক পর্যায়ে রেখাকে ছুরিকাঘাতে হত্যা করে। এঘটনায় নিহতের মা সাজেদা বেগম বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ স্বামী মোক্তারকে গ্রেফতার করে। পরে আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।


































