নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দ দূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলো থেকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৫টি অবৈধ হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণ ও পরিবেশ দূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


































