নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জুলাই ২০২৬

আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক দল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:২১, ৫ জুলাই ২০২৬

আড়াইহাজারে ঐতিহ্যবাহী কাবাডি টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিক দল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে আমান-আয়াত, মাবিয়ান-জাযের কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ। রোমাঞ্চকর এ লড়াইয়ে সোনারগাঁও দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক আড়াইহাজার দল।

শনিবার (৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ ও রক্ষণভাগে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত দুর্দান্ত দলীয় সমন্বয় ও কৌশলী খেলায় জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় আড়াইহাজার।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, সমাজসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী আড়াইহাজার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ সোনারগাঁও দলের হাতে রানারআপ ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

সম্পর্কিত বিষয়: