নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার দাবিতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে কর্মসূচির সূচনা হয়। পরে বিক্ষোভ মিছিলটি দুই ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় ইনসি সিমেন্ট ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, হাজী আমির হোসেন, হাজী মোক্তার হোসেন মামুন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পেশ ইমাম ও খতিব মাওলানা মো. কবির হোসেন, বেপারীপাড়া পঞ্চায়েত কমিটির কর্মকর্তা মো. সামসুল আলম, মো. ওয়ালী উল্লাহ সবুজ, মো. জিপ্পু মিয়া, মো. মাসুম, আক্তার হোসেন মাসুদ, সানি, দিপু, নয়ন ও তারিক হোসেন বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে। তবে এসব বাধা অতিক্রম করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তারা মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও দাবি করেন, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নূরুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।


































