নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

বন্দরের অটো গ্যারেজে ডাকাতি হওয়া আরও ২০টি ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩২, ১৪ জুলাই ২০২৬

বন্দরের অটো গ্যারেজে ডাকাতি হওয়া আরও ২০টি ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরের আন্দিরপাড় এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে সংঘটিত ডাকাতির ঘটনায় আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতি হওয়া ১২ ভোল্টের বিভিচ (BBC) কোম্পানির আরও ২০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার নাভানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত শাকিলের দোকান থেকে লুণ্ঠিত ব্যাটারিগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মফিজুল ইসলাম (৩২) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার মাহামুদপুর ভূঁইগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৮)।

এ ঘটনায় গ্যারেজ মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়ে সাহেরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো সিএনজি গ্যারেজে ৮-৯ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা গ্যারেজ ম্যানেজার ফয়সাল, অটোরিকশা মালিক সাইদুল ও আব্দুল হক আদুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা গ্যারেজের ক্যাশবক্স থেকে ২২ হাজার টাকা, একটি সিসিটিভি হার্ডডিস্ক, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং ৩২টি অটোরিকশা, মিশুক ও ইজিবাইক থেকে ১০৬টি ১২ ভোল্টের ব্যাটারি, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা, লুট করে নিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। থানার পরিদর্শক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথমে ৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়। সর্বশেষ অভিযানে আরও ২০টি ব্যাটারি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।

এ পর্যন্ত ডাকাতি হওয়া ১০৬টি ব্যাটারির মধ্যে ৯০টি উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ১৬টি ব্যাটারি উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: