নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আহত অপর তিন শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, ১৭ হাজার টাকার বিনিময়ে সড়ক কেটে ওই বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ দেওয়ার চুক্তি হয়েছিল। এর মধ্যে ২ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে রাতে কাজ শুরু করা হয়। মাটি খুঁড়ে পাইপে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চার শ্রমিক দগ্ধ হন।
আহত আরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে আব্দুল জলিল জানান, তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্ফোরণের কারণ ও অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।


































