নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৪, ১৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁ উপজেলার নানাখি এলাকার আবিদ মাহমুদ আকাশ (২৯)।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর এলাকার পানাম ফুড পার্কে আতাউর রহমানকে ডেকে নিয়ে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিজিএফআই সদস্য নন বলে স্বীকার করেন।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়: