নারায়ণগঞ্জের বন্দরে জনতার হাতে আটক তৌকির আহাম্মদ (৩২) নামে এক ব্যক্তিকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তৌকির আহাম্মদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ছনখোলা এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে। সোমবার (১৩ জুলাই) রাতে ছনখোলা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বন্দর থানায় দায়ের করা ১৪(৭)২৬ নম্বর চুরি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দুপুর ২টা থেকে ৩০ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময়ে বন্দরের এইচ এম সেন রোড এলাকায় আলম মিয়ার ভাড়াটিয়া বাসার দরজার তালা ভেঙে বা খুলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে চারটি ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের গলার হার, ৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং চার কার্টন বেনসন সিগারেট। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


































