নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬

বন্দরে দুই চুন কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৬, ২৯ জুলাই ২০২৬

বন্দরে দুই চুন কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত দুটি বাণিজ্যিক চুন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উভয় কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভাট্টি ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

বুধবার (২৯ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে জোনাল বিক্রয় অফিস-বন্দরের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।

 

অভিযানের প্রথম ধাপে বন্দর উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন মনার বাড়ি এলাকায় অবস্থিত দুই ভাট্টিবিশিষ্ট একটি বাণিজ্যিক চুন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৪ হাজার ঘনফুট/ঘণ্টা লোডের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানায়।

 

এ সময় প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের ২ ইঞ্চি এমএস পাইপ, একটি ২ ইঞ্চি ভাল্ব, চারটি ফ্যান এবং পাঁচটি বেলচা জব্দ করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগের উৎস বিচ্ছিন্ন (কিলিং) করা হয় এবং এক্সকাভেটরের সাহায্যে কারখানার সব ভাট্টি গুঁড়িয়ে দিয়ে টিনশেড ভেঙে ফেলা হয়। এ ঘটনায় কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

পরে জাঙ্গাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আরও একটি দুই ভাট্টিবিশিষ্ট বাণিজ্যিক চুন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে একইভাবে প্রায় ৪ হাজার ঘনফুট/ঘণ্টা লোডের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। তবে অভিযানের সময় কারখানার মালিককে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কোনো জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি।

 

তবে এক্সকাভেটরের সাহায্যে ওই কারখানার সব ভাট্টি ও টিনশেড ভেঙে ফেলা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার, গ্যাসের অপচয় এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

সম্পর্কিত বিষয়: