নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ১৫৭ কেজি নিষিদ্ধ শপিং ব্যাগ জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৬, ২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ১৫৭ কেজি নিষিদ্ধ শপিং ব্যাগ জব্দ, জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫(৪)(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ফতুল্লার ভূঁইগড় এলাকার সরদার বাড়িতে অবস্থিত দুটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের প্রমাণ পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে ওয়াসিম স্টোর থেকে প্রায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদ ওয়াস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।